সেপ্টেম্বরে টলিউডে শুরু হবে অপরাজিত সিনেমার শ্যূটিং - গ্লোব নিউজ বিডি
এ বছর সত্যজিৎ রায়ের জন্ম শতবার্ষিকীতে তাকে স্মরণ করতে তার অপরাজিত সিনেমাটি পুণঃ নির্মাণ করবেন স্বনামধন্য পরিচালক অনীক দত্ত। এ ছবিতে বিমলা রায় চরিত্রে অভিনয় করবেন সায়োনি ঘোষ। তার বিপরীতে অপরাজিত রায় চরিত্রে থাকবেন আবীর চট্টোপাধ্যায়। জানা যায়, রাজনীতিতে যোগ দেওয়ার পর এটিই সায়োনির প্রথম ছবি।
বর্তমানে যুব তৃণমূলের সভাপতির দায়িত্বে থাকা সায়োনি ঘোষ বলেন, "এমনও সময় গিয়েছে যখন বছরে চৌদ্দ পনেরোটা ছবি করেছি। এখন রাজনীতি মন দিয়ে করতে চাই। কিন্তু ভালো চরিত্রের প্রতি আকর্ষণ তো থাকেই। সেখানে এরকম একটা চরিত্র, ভালো পরিচালক…তাই ছবিটি করতে রাজী হয়ে যাই। কিন্তু যেহেতু এখন একটি রাজনৈতিক দলের সদস্য, তাই দায়িত্বও বাড়ছে। কনটেন্ট বাছতে হচ্ছে ভেবেচিন্তে। অনেক ছবিই বাদ দিতে হচ্ছে। যেক্ষেত্রে টানা অনেকদিন শ্যূটিং বা বেশী আউটডোর রয়েছে, সেগুলো এখন বাদ দিচ্ছি। সাংগঠনিক কাজ বা যে চরিত্রে অভিনয়ের দায়িত্ব নেবো, কোনোটার সঙ্গেই আপোস করতে চাই না।"জানা যায়, আগামী সেপ্টেম্বরে শ্যূটিং শুরু হবে ছবিটির। এদিকে সিনেমাটি ১৯৫৬ সালে সত্যজিৎ নির্মিত অপরাজিত'র হুবাহু কপি হবে কিনা তা জানতে চাইলে পরিচালক অনীক দত্ত বলেন, "এটা একেবারেই কোনও বায়োপিক না। সত্যজিৎ রায়ের গল্প থেকে এটা সম্পূর্ণ আলাদা। এখানে মূল যে চরিত্র, তাঁর নাম 'অপরাজিত'। একটা রেফারেন্স থাকলেও অপরাজিত'র সঙ্গে এর কোনও মিল নেই।"

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!