ববিতার জন্মদিনে শাকিবখানের আক্ষেপ | গ্লোব নিউজ বিডি

বাংলা সিনেমার পর্দা একসময় যার দৃপ্ত পদচারণায় মুখরিত ছিলো, আজ সেই চিত্রনায়িকা ববিতার জন্মদিন। এ দিনে তাকে শুভেচ্ছা জানিয়ে অনেকেই অনেককিছু লিখেছেন। তবে ঢালিউডের বর্তমান কিং খান হিসেবে পরিচিত শাকিব খানের লেখায় ঝরে পড়ে আক্ষেপ।

শাকিব, ববিতা, অপু
তিনি লেখেন, "অভিনয়ে আসার পর যে কজন অভিভাবক পেয়েছি, তাদের অন্যতম ববিতা ম্যাডাম। তাঁর মতো এমন অভিজ্ঞ, দক্ষ অভিনয় শিল্পী মাথার উপর ছায়া হয়ে থাকলে সব কিছুই সহজ হয়ে যায়। অনস্ক্রিনে অসংখ্যবার দর্শক তাকে আমার মায়ের ভূমিকায় দেখেছেন, অথচ অফস্ক্রিনেও তিনি আমার কাছে তেমন একজন মমতাময়ী মা। দেশের সিনেমাপ্রেমী মানুষের কাছে তো বটেই, বিশ্ব সিনেমার ইতিহাসেও যার নাম ডাক। সেই সত্তরের দশকেই ববিতা ম্যাডাম বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ঘুরেছেন। বাংলা সিনেমার প্রতিনিধিত্ব করেছেন। সেই সময়ে দেশের সব গুণী নির্মাতাদেরও পছন্দের তালিকায় ছিলেন আমাদের ববিতা ম্যাডাম। কাজ করেছেন সত্যজিৎ রায়ের মতো পৃথিবীখ্যাত নির্মাতার সিনেমাতেও। ওপার বাংলায় ষাট, সত্তর, আশির দশকে পাশের দেশের সিনেমার  অভিনেতা অভিনেত্রীদের ঘিরে কতো কতো সিনেমা নির্মিত হচ্ছে; অথচ ববিতা ম্যাডামদের মতো গুণী অভিনয়শিল্পীদের আমরা পরবর্তীতে আর ব্যবহারই করতে পারলাম না! তাদের জন্য যুঁতসই গল্প-চরিত্র নির্মাণ করতে পারলাম না! হয়তো এসব আফসোসও একদিন ঘুঁচবে। অন্তত ববিতা ম্যাডামের জন্মদিনে এমন প্রত্যাশাই জানিয়ে রাখলাম। প্রিয় অভিনেত্রী, মাতৃতুল্য অভিভাবক ববিতা ম্যাডামের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি ... শুভ জন্মদিন ..."
ববিতা
জানা যায়, ববিতা তার জীবনে সাড়ে তিনশোটিরও বেশী সিনেমায় কাজ করেছেন। সত্যজিৎ রায়ের পরিচালনায় ববিতা অভিনিত অশনি সংকেত মুভিটি ১৯৭৩ সালে বার্লিন চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়। 

মন্তব্যসমূহ