নকুল কুমার বিশ্বাসের আত্মজীবনী মূলক গান নকুল আমার নাম - গ্লোব নিউজ বিডি
নকুল কুমার বিশ্বাস, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বাঙালীর প্রিয় এই গায়ক তার সুরেলা কণ্ঠ আর বিশেষ গায়কীর দ্বারা দুই বাংলার বাঙালীদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। গতকাল তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এবং নিজের ইউটিউব চ্যানেলে নিজের আত্মজীবনীমূলক একটি গান প্রকাশ করেন।
এসময় তিনি বলেন, তার অনুমতি ছাড়াই অনেকে তার জীবনী ভুলভাবে উপস্থাপন করে চলেছেন। তাই তিনি ডক্টর বিরাট বৈরাগ্য এবং ডক্টর বরুণ কুমার চক্রবর্তী নামক দুজন গবেষকের গবেষণা সহযোগে নিজের জীবনী গেয়ে শোনান। তার গানের শুরুটা ছিলো এরকম, যেথায় বেজেছিলো মাদার শাহের আধ্যাত্বিক প্রেমসুর, সেই বৃহত্তর ফরিদপুর জেলার মাদারীপুর, যেথায় শত মহামানবের ধাম পীর আউলিয়ার ধাম, আমি সেই দেশে জন্মেছি ভাইরে নকুল আমার নাম। তিনি আরো জানান, তিনি শুধু গায়কই নন। একাধারে জাদুকর, গীতিকার, সুরকার, সাহিত্যিক, সমাজসেবী সহ আরো বহু গুণে গুনান্বিত। কয়েক যুগ ধরে রেডিও-টেলিভিশনে গান করে আসছেন নকুল কুমার বিশ্বাস।এপার বাংলা ওপার বাংলার বহু গুণী লোকের সংস্পর্শে থেকে তিনি শিখেছেন গীটার, সানাই, এস্রাজ, সরোদ, বেহালা, সেতার, বাঁশি সহ প্রায় ৫০টি বাদ্যযন্ত্র। এছাড়া চিত্রাঙ্কন, ফটোগ্রাফী, ভিডিও এডিটিং সহ অসংখ্য দক্ষতা রয়েছে তার। নকুল বিশ্বাসের লেখা বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য আঞ্চলিক অভিধান, অন্ত্যমিলের অন্বেষণে, ছন্দ নাটিকা, ছোট নকুলের বড় বড় ব্যাবসা, নকুলের এভারেস্ট বিজয়, গুড ফর নাথিং, নিঃস্ব জনের বিশ্বভ্রমণ, ছড়ার ছড়াছড়ি, এক দমের কবিতা সহ আরো অনেক গবেষণামূলক বই।শিক্ষাজীবনে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে এমএ পাশ করেন। এছাড়া তিনি রাজধানীর মীরপুরের ল কলেজ এবং আগারগাওয়ের সরকারী সংগীত কলেজে পড়াশোনা করেন। নিজের কৃতিত্বের জন্য তিনি অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা লাভ করেন। বিশ্বের প্রায় অর্ধশত দেশ ভ্রমণকারী নকুল বিশ্বাস তার নিজ এলাকা পূর্ব কলাগাছিয়ায় প্রতিষ্ঠা করেছেন বায়তুন নূর জামে মসজিদ নামে একটি ইসলামী উপাসনালয়। এছাড়া হিন্দু পিতা মাতাদের পূজার জন্য তিনি প্রতিষ্ঠা করেন একটি জীবন্ত দেব দেবীর মন্দির। পাঁচ ভাই এক বোনের মধ্যে পঞ্চাশোর্ধ নকুল কুমার বিশ্বাস বর্তমানে তার স্ত্রী গৌরী এবং দুই সন্তান পলক ও প্রত্যাশাকে নিয়ে রাজধানী ঢাকায় বসবাস করছেন।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!